শরীয়তপুরে দুই ডাকাতকে পিটিয়ে হত্যা,আহত-৮
শফিকুল ইসলাম সোহেল,শরীয়তপুর-শরীয়তপুরে ২ ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। গণপিটুনিতে আরও ৫ ডাকাত আহত হয়েছেন। এদিকে ডাকাত দলের ছোড়া এলোপাতাড়ি গুলিতে বাল্কহেড শ্রমিকসহ স্থানীয় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে স্পিডবোটে একদল ডাকাত আঙ্গারিয়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করতে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ৩ জন গুলিবিদ্ধ হন।
এরপর ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় রাজগঞ্জ এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে ডাকাতদের ধরতে স্থানীয়রা বাল্কহেড দিয়ে নদীপথ আটকে দেয়। ওই সময় স্পিডবোট তীরে রেখে পালানোর সময় স্থানীয়রা ৫ ডাকাতকে ধরতে সক্ষম হন। পরে তাদের গণধোলাই দেয় উত্তেজিত জনতা। আহত ডাকাতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই যে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় ডাকাতির চেষ্টা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে ধাওয়া দিলে তারা এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে। এদিকে শরীয়তপুরে আহত ২ জনের মধ্যে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।”
তিনি আরও বলেন, রাত ৯টার মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে ডাকাতদল। বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। বিষয়টি জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































